বারবার সংকটে পড়া বাংলাদেশকে অতীতে যেমন বিএনপি উদ্ধার করেছে, তেমনি বর্তমানের গভীর সংকট থেকেও দেশকে বের করে আনতে দলটিই নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের আত্মত্যাগ স্মরণ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, “হাজারো নেতাকর্মীর প্রাণহানি, লাখো কর্মীর কারাবরণ ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে বিএনপি আজকের এই অবস্থানে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বাবলম্বী ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অর্থনৈতিক সংকট মোকাবিলার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, এমন চ্যালেঞ্জিং সময়ে এত বড় বাজেট দেওয়ার সাহস বিএনপিই দেখিয়েছে এবং তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। এছাড়া, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্ত রুখে দিতে এবং সমাজ থেকে চাঁদাবাজি, দখলদারি ও মাদক নির্মূলে সোচ্চার হতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি তাগিদ দেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি নগরীর লালদীঘি এলাকায় গিয়ে শেষ হয়।