নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মুস্তাকিম আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গত ১ থেকে ৪ অক্টোবরের মধ্যে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি HP Core i5 ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ধামইরহাট থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটের দিকে ইসবপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চোরাই ল্যাপটপসহ মুস্তাকিম আহমেদকে আটক করা হয়।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটক মুস্তাকিম আহমেদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।