নারায়ণগঞ্জের বহুল আলোচিত অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম রঞ্জু নারায়ণগঞ্জ সদর থানার আমলাপাড়া এলাকার বাসিন্দা।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই সকালে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামালকে নৃশংসভাবে হত্যা করা হয়। উক্ত ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি রঞ্জুকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর সাজা ওয়ারেন্ট জারি হলে সে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রঞ্জুকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।