অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। সংগঠনটির উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বইসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ডুমুরিয়ার রংপুর শাড়াতলা বটতলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর ও রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন অতিথিরা।
দীর্ঘদিন ধরে নিজস্ব তহবিলের মাধ্যমে এই মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে জটিল রোগে আক্রান্ত অসচ্ছল মানুষের চিকিৎসায় সহায়তার পাশাপাশি অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত এবং শিক্ষা প্রসারে ধারাবাহিক সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, এলাকার একদল উদ্যমী ও মানবিক তরুণের উদ্যোগে রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। দেশ-বিদেশে অবস্থানরত এলাকার বাসিন্দা এবং সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও রোগীদের চিকিৎসা সহায়তা তুলে দেন রংপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, বিশিষ্ট সমাজসেবক শিবুপদ জোদ্দার এবং রূপালী ব্যাংক ঢাকা-র সহকারী মহাব্যবস্থাপক পরেশ চন্দ্র মন্ডল।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক অনুপ বসাক, মুরারি মোহন মল্লিক, সুকান্ত মন্ডল এবং প্রভাষক তুষার কান্তি মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।