কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থাকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে কুড়িগ্রাম সদর উপজেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াজগৎ বর্তমানে বিশ্বজুড়ে সম্ভাবনাময় একটি খাত বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন, খেলাধুলা একজন তরুণের জন্য পেশা ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও তিনি তুলে ধরেন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন,
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এবি পার্টি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী ম্যাচ ঘিরে জেলা স্টেডিয়াম মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। সেখানে ৮-৭ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় কুড়িগ্রাম সদর উপজেলা।
আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং কুড়িগ্রামের স্থানীয় ফুটবলকে আরও প্রাণবন্ত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা ক্রীড়া সংস্থাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।