রাজশাহীর বাকির মোড়ে আবদুল বারী নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি আমির হোসেন চন্দ্র (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে আইডি বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাকির মোড় এলাকায় আবদুল বারীর মুদি দোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক টাকা ভাঙাতে যান। বারী টাকা ভাঙতি নেই জানালে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত পৌনে ২টার দিকে দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল বারীর বাড়ির সামনে যায়।
হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। পরে পেট্রলবোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বারীসহ তাঁর পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। তখন হামলাকারীরা বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে হামলাকারীরা চলে গেলে স্বজনরা বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আমির হোসেন চন্দ্রকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।