ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, শিরোমণি, খুলনায় “ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম. এম. সালাহউদ্দীন।
অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর দপ্তর ও এর আশপাশের এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
কর্মসূচিতে জমে থাকা পানি অপসারণ, নর্দমা, পানির ট্যাংক/পাত্র পরিষ্কার ও ঢেকে রাখা, পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে বলেছেন, “মাঠে এর প্রতিফলন থাকতে হবে।”
প্রধানমন্ত্রীর এ নির্দেশনার আলোকে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রত্যেক ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজেদের বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।