ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে চীন থেকে আনা হয়েছে সৌরবিদ্যুৎচালিত পানি শোধন মেশিন। স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠান CCECC-এর পক্ষ থেকে মেশিনটি বিনামূল্যে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেশিনটি সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হবে। এটি চালু হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবেন। আগামী ১০ দিনের মধ্যে মেশিনটি চালু করে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে।
হাসপাতালে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের আশা, বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগী এবং দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগে সহযোগিতার জন্য চীনা প্রতিষ্ঠান CCECC এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধি মি. কি ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সৌরবিদ্যুৎচালিত পানি শোধন মেশিনটি চালু হলে হাসপাতালের রোগীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে