চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মিরসরাই উপজেলা পরিষদ চত্বর থেকে মাদকবিরোধী র্যালিটি শুরু হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদকাসক্তির ভয়াবহতা, মাদকের বিস্তার রোধ এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এবং মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার শীল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব জাহেদ হোসাইন, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাফর ইকবাল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ মাসুম ও সদস্যসচিব ইনজামুল হক ইমন।
এ ছাড়া কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।