মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সরকারি দুটি বাস বরাদ্দ এবং কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি বাস দেওয়ার দাবি জানান তিনি।
একই সঙ্গে মাদারীপুর সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে সংসদে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
তিনি বলেন, মাদারীপুর সরকারি কলেজে বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে দুটি সরকারি বাস প্রয়োজন। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে মাদারীপুরের শিক্ষার্থীরা উপকৃত হবে।
সংসদে তার এ দাবির ফলে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধান এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।