মাদারীপুরের ডাসার উপজেলায় নিখোঁজের এক দিন পর রুদ্র দাস (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী দিনমজুরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত রুদ্র দাস ডাসার উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দিনমজুরের কাজ করে কষ্টার্জিত উপার্জনে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। তবে কাজ শেষে রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরদিন রোববার সকালে খিলগ্রামের ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামের এক স্থানীয় কৃষি শ্রমিক কাজ করতে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে ডাসার থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”