টানা ৪০ দিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় সেরা স্থান অর্জনকারী শিশু-কিশোরদের মাঝে নতুন বাইসাইকেল ও বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজ শেষে খুলনার ফুলতলা উপজেলার গিলতলা বাজার ঘাট এলাকার বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজার নিজস্ব অর্থায়নে ও বিশেষ উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় সকল প্রতিকূলতা জয় করে নিয়মিত মসজিদে এসে ১ম ও ২য় স্থান অধিকারকারী দুই খুদে মুসল্লির হাতে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া অন্য ১৪ জন কোমলমতি শিশুকে সালাতে আরও উৎসাহিত করতে জায়নামাজ, টুপি ও ফুটবল উপহার প্রদান করা হয়।
মসজিদ কমিটির সভাপতি সরদার মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা, বিশিষ্ট ব্যবসায়ী খান আসমত আলী এবং মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আশরাফ আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নিয়মিত সালাত আদায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “শিশুরা যখন মসজিদমুখী হবে এবং ইতিবাচক খেলাধুলার সাথে যুক্ত থাকবে, তখন তারা সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।” তিনি শিশুদের ইসলামী মূল্যবোধ ও সুন্দর চরিত্র গঠনে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অসুস্থ ও মরহুম ব্যক্তিদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে অতিথি ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ নির্মাণাধীন দোতলা মসজিদের অসমাপ্ত কাজ পরিদর্শন করেন এবং প্রধান অতিথি মসজিদের কাজে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।