নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবময় ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে নজিপুর হাইস্কুল মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান রিপন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক এবং সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।