গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ মোল্লা স্পষ্ট জানিয়ে দেন, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কালীগঞ্জে কোনো স্থান দেওয়া হবে না। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জাতীয় মানবাধিকার সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক মোল্লা বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ, যা একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও বহনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”
মিছিলে তুমলিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মজিদ, পৌর শ্রমিকদলের নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার অনুরোধ জানান।