সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও নজরুল একাডেমির সভাপতি মো. মনোয়ার চৌধুরী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ সংস্কারে তাঁর বৈপ্লবিক অবদানের ওপর বিশদ আলোচনা করেন। বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে কবি নজরুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও নজরুলগীতি পরিবেশনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ এলাকার রাজনৈতিক, সামাজিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।