নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার ভেতরে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা এ মাদকের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নাইট চেকপোস্টের দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে শিমুলতলী এলাকায় গতিশীল একটি অটোরিকশা দেখে পুলিশের সন্দেহ হয়। অটোরিকশাটি থামানোর সংকেত দিলে চালক হৃদয় পালানোর চেষ্টা করেন। পরে এসআই মো. মহিবুর রহমান সঙ্গী ফোর্স নিয়ে ধাওয়া করে তাকে আটক করেন। পরবর্তীতে অটোরিকশার গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে এমন ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।