খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ৬:৫০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানাধীন পাবলা দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি টিনশেড বাড়ির ভাড়াটিয়া ঘর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত অন্য তিন আসামি হলেন— জামিল হোসেন (৩০), মোঃ লিটন সরদার (৩৫) এবং সুজয় রায় (২৫)। তাদের সবার বাড়ি দৌলতপুরের পাবলা দত্তবাড়ি এলাকায়।
র্যাব জানায়, আসামিদের পূর্ব রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মমি ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।