চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবলপ্রেমীদের আনন্দে মাতাতে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে আয়োজিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় বিএম স্পেশাল ও এমএ অ্যাডভান্স দল। খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এমএ অ্যাডভান্স দলকে ২-০ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় বিএম স্পেশাল দল।
উৎসবমুখর এই ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের টেকনিক্যাল হেড মো. ইমতিয়াজ হোসেন, এরিয়া ম্যানেজার গাজী মুহাম্মদ কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও পরিবেশকগণ। যাদের মধ্যে দুলাল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. মাইন উদ্দিন, হুদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ফাহিম ফিরোজ, মুসলিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মুসলিম উদ্দিন এবং হলি ট্রেডার্সের ম্যানেজার মো. রাসেল উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রতি যুবসমাজের আগ্রহ বাড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন অব্যাহত থাকবে।