লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এবং বিকেলে গংগারহাট বিওপির উত্তর বিদ্যাবাগীস এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এসব অভিযানে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানগুলো তল্লাশি করে ১০০ বোতল ইস্কাপ সিরাপ, ৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৭ হাজার টাকা। সীমান্ত নিরাপত্তা ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। জড়িত চোরাকারবারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।