নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন শহরে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে কওমিপন্থি বিভিন্ন ইসলামি দল। তবে বাসে ভারী যানবাহন চালক হিসেবে নারীদের দায়িত্ব দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস নিয়ে শুরু হওয়া এই সার্ভিসে রয়েছে সিসি ক্যামেরা, জিপিএস ও ই-টিকিটিং সুবিধা।
উদ্যোগটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, নারীদের জন্য পৃথক পরিবহন সার্ভিস অত্যন্ত ইতিবাচক হলেও ভারী যানবাহন চালানো নারীদের জন্য কতটা উপযুক্ত তা ভাবা প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন বলেন, অতীতে এমন উদ্যোগ কয়েকদিন পর বন্ধ হয়ে যাওয়ার নজির রয়েছে; তাই এবার যাতে এটি টেকসই হয় সেদিকে সরকারের নজর দেওয়া উচিত।
এছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম এ সেবাকে প্রশংসনীয় ও আধুনিক সভ্যতার অংশ হিসেবে অভিহিত করেছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ভবিষ্যতে ঢাকার জন্য ২০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কেনা হচ্ছে, যার মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বরাদ্দ থাকবে।