মাগুরার ইছাখাদা নতুন বাজার থেকে দক্ষিণ মির্জাপুর হয়ে পাকাকাঞ্চনপুর যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হওয়া বড় বড় গর্ত এবং বিটুমিন ও ইট-খোয়া উঠে যাওয়ায় নিয়মিত ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির একাধিক স্থানে বড় গর্ত ও ভাঙা বাঁকের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি ইছাখাদা বাজার পার হয়ে পাকাকাঞ্চনপুর যাওয়ার পথে সড়কের একটি বড় ভাঙা অংশে ধানবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষ করে চলমান বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে সড়কটি আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে।
এই সড়কটি দিয়ে মাগুরার রাঘবদাড় ইউনিয়নের পাশাপাশি হাজরাপুর ইউনিয়নের বাসিন্দারাও প্রতিনিয়ত যাতায়াত করেন। প্রতিদিন মোটরসাইকেল, নছিমন, ট্রাক, লরিসহ বহু যানবাহন চলাচল করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই।
দীর্ঘদিন সড়কটি অবহেলিত থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন হাজরাপুর ও রাঘবদাড় দুই ইউনিয়নের ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন করে টেকসই সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।