মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়।
রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সোহেল রানা ওই গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সোহেল রানার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরার পরিদর্শক মো. বেলাল হোসেন জানান, জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আসামি সোহেল রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।