মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর অপব্যবহার প্রতিরোধ এবং এর মাধ্যমে সংঘটিত অপরাধের দ্রুত ও নিখুঁত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে রংপুর জেলা পুলিশের উদ্যোগে ও বিকাশ লিমিটেডের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটির উদ্বোধন করেন বিকাশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এমএফএস-এর অপব্যবহার রোধে পুলিশ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “এমএফএস সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে, কিন্তু প্রযুক্তিকে ঢাল বানিয়ে অপরাধীরাও কৌশল বদলাচ্ছে। তাই পুলিশকেও প্রযুক্তি ব্যবহারে একধাপ এগিয়ে থাকতে হবে।”
তিনি তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, এমএফএস সংক্রান্ত অপরাধের অভিযোগ পাওয়া মাত্রই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত প্রতিকার পান। একই সাথে পিন (PIN) বা ওটিপি (OTP) গোপন রাখার বিষয়ে গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। সেবাদানকারী অপারেটরদের সন্দেহজনক লেনদেনের তথ্য দ্রুত সরবরাহ করে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
কর্মশালা শেষে রংপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিকাশ লিমিটেডের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানসহ রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিকাশ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।