বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক গুরুতর দগ্ধ হয়েছেন এবং পাশে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শিশু রোগীকে পৌঁছে দেওয়ার পর অ্যাম্বুলেন্সটি চত্বরে পার্ক করে রাখা হয়। চালক ভেতরে থাকা অবস্থায় এবং সহকারী পেছনের দরজা খোলার চেষ্টার মুহূর্তে সিলিন্ডারে যান্ত্রিক ত্রুটি বা গ্যাস লিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে এবং পাশে সারিবদ্ধভাবে রাখা ৮টি মোটরসাইকেলকে গ্রাস করে।
সংকটজনক অবস্থায় দগ্ধ চালককে দ্রুত উদ্ধার করে প্রথমে খুলনায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে হাসপাতালের মূল ভবনটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। ঘটনার পর রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং সেবা কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়।
ঘটনার বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহাবুবুল আলম জানান, অগ্নিকাণ্ডের পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মূল ভবনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্তে তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেছেন। একই সাথে হাসপাতাল প্রাঙ্গণে ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্সের যত্রতত্র পার্কিং বন্ধ ও সার্বিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দেন কতৃপক্ষ।