গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলসের পাশ থেকে লাইজু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাইজু উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ নয়াপাড়া (ফেলুকাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার মোগমটুলি গ্রামের পরিত্যক্ত ফ্লাওয়ার মিলসের পাশ থেকে লাশটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে একই গ্রামের শাহিনুর নামে এক ব্যক্তি লাইজুকে ‘কথা আছে’ বলে বাড়ি থেকে একটি চাতালে ডেকে নিয়ে যান। তারপর থেকে লাইজু আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত ফ্লাওয়ার মিলসের বিল্ডিংয়ের পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।