লিবিয়ায় মানবপাচারকারী ও মাফিয়া চক্রের অমানবিক নির্যাতনের শিকার হয়ে মাদারীপুরের শিবচরের ইকবাল মাদবর (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত ইকবাল শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের দুই দালাল সাগর মাদবর ও কামরুল মাদবর চুক্তি অনুযায়ী ইকবালের পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা নেন। তবে ইতালির পরিবর্তে তাকে লিবিয়ায় নিয়ে একটি মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়।
সেখানে একটি গোপন আস্তানায় আটকে রেখে ইকবালের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছে আরও ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনেরা আকুল হয়ে ধারদেনা করে অতিরিক্ত ৮ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ৪ লাখ টাকা দিতে না পারায় নির্যাতনের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দেওয়া হয়।
টানা নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে একপর্যায়ে লিবিয়াতেই ইকবালের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত পাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।