দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের কাজী পাড়া বাজার সংলগ্ন এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখল ও চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ধলু, নয়ন, মান্নান, হাকিম, কাজল, সোহেল ও আতিকুরের নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী হঠাৎ কাজী পাড়া বাজার এলাকায় এসে কাইয়ুমের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় জমি রক্ষায় কাইয়ুম, তার স্ত্রী, রবিউল ইসলাম মিলন ও আল-আমিন এগিয়ে এলে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে কাইয়ুম, তার স্ত্রী, রবিউল ইসলাম মিলন এবং আল-আমিন মারাত্মকভাবে রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। তাদের ক্ষমতার দাপট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় সাধারণ মানুষ।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আইন প্রয়োগকারী সংস্থার কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছে।