নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে পৈত্রিক ৯.৮৯ একর জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলায় হয়রানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. শাহ মজিদুর রহমান (হাবু) চৌধুরী।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় নজিপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সুধীজন ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হাবু চৌধুরী দাবি করেন, আদালতের রাজস্ব বিনিময় মামলার রায়ের মাধ্যমে তার বাবা মরহুম শাহ মোসলেম উদ্দীন চৌধুরী সংশ্লিষ্ট সম্পত্তির বৈধ মালিকানা লাভ করেন। পরবর্তীতে বাবার মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হন এবং দীর্ঘদিন ধরে তা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। বিরোধপূর্ণ সম্পত্তিটি মহব্বতপুর মৌজার বিভিন্ন হাল দাগভুক্ত, যার মোট পরিমাণ ৯.৮৯ একর।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ী গ্রামের নাজমুলসহ কয়েক ব্যক্তি তার পৈত্রিক সম্পত্তির প্রায় ১৮ বিঘা জমি ইতোমধ্যে জোরপূর্বক দখল করে রেখেছে। অবশিষ্ট জমিও দখলের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
হাবু চৌধুরী তার পৈত্রিক সম্পত্তির আইনগত দখল নিশ্চিত, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি দলিলপত্র যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত নাজমুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এ-সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।