নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামে একটি বসতবাড়িতে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে থানা পুলিশ। পুলিশের এক বিশেষ অভিযানে চুরির অপরাধে জড়িত সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকার মালামাল।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়িতে রাতের আঁধারে অজ্ঞাতনামা চোর চক্র প্রবেশ করে বাসের মূল্যবান যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মামলা রুজু করে তদন্তে নামে মহাদেবপুর থানা পুলিশ।
তদন্তের একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নওগাঁর মহাদেবপুর থানার হাতি মংগলা গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে মো. বয়েজ আলী (৪০), একই থানার দরিয়াপুর গ্রামের বাসুদেব বসাকের ছেলে শ্রী দেব বসাক (১৮) এবং গাজীপুর জেলার গাছা থানার ১ নম্বর কলোনি এলাকার বাণিসা ভৌমিকের ছেলে শ্রী মিলন ভৌমিক (২৫)।
গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে চুরি যাওয়া সমস্ত যন্ত্রাংশ ও প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, এলাকায় চোরচক্রের তৎপরতা বন্ধে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।