নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পরিচালিত এক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানাধীন ৬ নম্বর কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ফারুক হোসেন মহিমাপুর (পদ্মপুকুর) গ্রামের মো. মোজাফ্ফর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুর মোড় এলাকায় অভিযান চালায় পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানকালে ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫০ পিস সরকার ঘোষিত নিষিদ্ধ ও অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।