নওগাঁর পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর ইউনিয়নের দিবর পূর্বপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০০ লিটারের অধিক দেশীয় চোলাই মদ (চোয়ানি) ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে পত্নীতলা থানা পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই চোলাই মদ কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমজমাটভাবে চোলাই মদের ব্যবসা চলছিল—এমন গোপন তথ্য নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে পৌঁছায়। তথ্যের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক অ্যাকশনের অংশ হিসেবে গত ৩১ জুলাই রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ লিটারের বেশি তৈরি চোলাই মদ ও তৈরির উপকরণ জব্দ করে। এ সময় ঘটনাস্থলেই তৈরি করার বাকি সরঞ্জাম ও উপকরণসমূহ ধ্বংস করা হয়।
আটককৃত চোলাই মদ প্রস্তুতকারক ও কারবারিরা হলেন—দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের দুই ছেলে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্তৃপক্ষ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের এই ধরণের বিশেষ ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।