খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে নিজের ভাইদের করা মিথ্যা অপপ্রচার, হয়রানি ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও আইনি সুরক্ষার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রেজাউল করিম জানান, গত ৩০ জুন তাঁর কিছু ভাই তাঁর বিরুদ্ধে একটি ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন, যার সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বিস্তারিত উল্লেখ করে বলেন, তাঁদের ৬ ভাই ও ৩ বোনের মধ্যে বড় ভাই মো. মুনছুর রহমান এবং অপর ভাই নূরুজ্জামান মারা গেছেন। জীবিত থাকা অবস্থায় চিকিৎসাধীন নূরুজ্জামানের যাবতীয় খরচের জোগান দেন রেজাউল করিম। মৃত্যুর আগে নূরুজ্জামান তাঁর ভোগদখলীয় সম্পত্তির একটি অংশ দানপত্র ও মৌখিক ইচ্ছায় তাঁকে হস্তান্তর করেন। সেই সূত্রে সেখানে বসতঘর ও ভবন নির্মাণ করে তিনি পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
অভিযোগে তিনি আরও জানান, ভাইয়ের মৃত্যুর পর অন্য ভাইয়েরা অন্যায়ভাবে তাঁর ঘরের চাবি কেড়ে নেন এবং লাঞ্ছিত করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশের উপস্থিতিতে চাবি ফেরত পেলেও প্রতিপক্ষরা প্রতিনিয়ত বাধা সৃষ্টি করে আসছে। এমনকি স্থানীয় শালিস-মীমাংসার তোয়াক্কা না করে গত ১১ জুলাই প্রতিপক্ষরা তাঁর বাড়িতে বাঁশ ও চাটাই দিয়ে ঘেরাও করে দরজায় তালা ঝুলিয়ে দেয়।
সর্বশেষ গত ২৭ জুলাই দুপুরে ভাড়াটে লোক এনে তাঁর বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে দখলের চেষ্টা চালানো হয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে মো. রেজাউল করিম প্রতিপক্ষের এই অপপ্রচার ও নির্যাতন থেকে মুক্তি পেতে এবং নিজের জীবনের নিরাপত্তায় প্রশাসনের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।