নীলফামারীর জলঢাকায় অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের প্রথম ধাপের আবেদনকারীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ২টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে রাত ৯টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে মোট ১১টি বুথে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই ভাইভা গ্রহণ করা হয়। ১ম ধাপের প্রক্রিয়া সফলভাবে শেষ করার পর এখন পুরোদমে চলছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি ছাড়া প্রকৃত ও যোগ্য প্রার্থীরা যেন নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের এই সুবিধার আওতায় আসতে পারেন, সে লক্ষ্যেই নিরপেক্ষতা বজায় রেখে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হচ্ছে।
পদ ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য:
তথ্য সংগ্রহকারী: ১৩৪টি নির্ধারিত পদের বিপরীতে (১৫ জন অতিরিক্ত রিজার্ভসহ মোট ১৪৯ জন) মোট ১,৩৮৬ জন প্রার্থী ভাইভায় অংশ গ্রহণ করেন।
সুপারভাইজার: ১২টি নির্ধারিত পদের বিপরীতে (১ জন অতিরিক্ত রিজার্ভসহ মোট ১৩ জন) মোট ১৮৬ জন প্রার্থী ভাইভায় অংশ নেন।
এ বিষয়ে জলঢাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্য সচিব কামরুজ্জামান জানান, “১১টি বুথে অত্যন্ত সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশে প্রার্থীদের ভাইভা গ্রহণ করা হয়েছে। শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কেবল সঠিক ও যোগ্য প্রার্থীরাই এ সুযোগ পান।”
প্রথম ধাপের ভাইভা শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপে আবেদনকারীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সঠিক আপডেট ও সংবাদের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দিষ্ট তারিখে যোগাযোগের পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্তৃপক্ষ।