দিনাজপুরের পার্বতীপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত স্বামীর স্বাক্ষর জাল করে কথিত বন্ধকি দলিল তৈরির মাধ্যমে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নাজনীন নাহার মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে নাজনীন নাহারের স্বামী তাজুল ইসলাম মারা যান। সম্প্রতি তাঁদের জমিতে দীর্ঘদিন বর্গা চাষ করা রাশেদুল ইসলাম ১ লাখ ৫০ হাজার টাকার একটি বন্ধকি দলিল দেখিয়ে জমির দাবি করেন। দলিলে থাকা স্বাক্ষর পরীক্ষা করে তা ভুয়া ও জাল বলে শনাক্ত করেন ভুক্তভোগী। জমি ফেরত চাইলে তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
তবে অভিযোগের বিষয়ে রাশেদুল ইসলাম নিজের ভুল স্বীকার করে জানান, স্থানীয় একটি চক্র ও কাঠ ব্যবসায়ী লাবলুর প্ররোচনায় পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে তিনি এই জাল দলিল বানানোর চেষ্টা করেছিলেন। তিনি ওই টাকা আর দাবি করবেন না বলেও জানান।
এদিকে স্থানীয় কাঠ ব্যবসায়ী লাবলুর বিরুদ্ধেও বন বিভাগের কাঠ চুরি ও জমি দখলের বেশ কিছু অভিযোগ রয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মহসিন আলী জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে উপস্থিত হতে বলা হলেও অভিযুক্ত রাশেদুল উপস্থিত হননি। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।