নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা। গত শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বাদ জুম্মা এই মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার ঘর থেকে বিপুল পরিমাণ মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে মাদক ব্যবসায় সার্বিক সহযোগিতা করার অভিযোগে তার বৃদ্ধ মাকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীপুর ইউনিয়ন পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরে নুরুল ইসলাম মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তার বাড়িতে আকস্মিক হানা দেয়। এ সময় নুরুল ইসলামের ঘর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, গাঁজা মাপার ছোট ডিজিটাল পাল্লা এবং মাদক বিক্রির নগদ বেশ কিছু টাকা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে আটক হওয়া বৃদ্ধা মহিলা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ছেলে নুরুল ইসলামের মাদক ব্যবসার কথা এবং এই অপকর্মে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্থানীয়দের কাছে স্বীকার করেছেন।
এলাকাবাসীর এমন সাহসী উদ্যোগের পর বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এই ধরনের সামাজিক প্রতিরোধ ও সচেতনতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।