পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে আরমান হোসেন (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত আরমান হোসেন একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাদক সেবনের অভিযোগ হাতেনাতে প্রমাণিত হওয়ায় আরমান হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আরমানকে দোষী সাব্যস্ত করেন। অপরাধ স্বীকার ও প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত ভাঙ্গুড়া গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”
আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত যুবককে আইনি প্রক্রিয়া শেষে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।