নওগাঁ জেলা পুলিশের সমন্বিত (কম্বাইন্ড) অভিযানে ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করা এবং বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ ও মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি অটোরিকশা।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা ডাবের পানিসহ বিভিন্ন উপায়ে ভুক্তভোগীদের অজ্ঞান করে কিংবা প্রতারণার ফাঁদে ফেলে তাদের অর্থ ও মূল্যবান সম্পদ হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ আরও জানিয়েছে, এই চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।