কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আটককৃত ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আইনি সাজা প্রদান করা হয়।
আজ বুধবার (২৪ জুন) কুষ্টিয়া জেলার সদর থানাধীন আমলাপাড়া, মিলপাড়াসহ শহরের বিভিন্ন মাদকের পয়েন্টে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
মোবাইল কোর্টের আইনি পদক্ষেপ: অভিযান শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদক সংক্রান্ত অপরাধে মোট ৫টি মোবাইল কোর্ট মামলা (মামলা নং যথাক্রমে- ১২৭১/২৬, ১২৭২/২৬, ১২৭৩/২৬, ১২৭৪/২৬ এবং ১২৭৮/২৬) দায়ের করা হয় এবং ৫ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
প্রসিকিউশন দাখিল: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অমান্য করায় আদালতকে সহায়তায় উক্ত মামলাগুলোর প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এবং উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলাকে সম্পূর্ণ মাদকযুক্ত ও নিরাপদ রাখতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের যৌথ সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।