বরিশালের আগৈলঝাড়ায় কথিত ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার।
আজ বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার বিচারিক কার্যক্রমের দিন ধার্য রয়েছে।
ওপেনিং স্টেটমেন্ট দিয়ে শুরু: প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের এই মামলায় বিচারের প্রথম ধাপ হিসেবে আজ আদালতে ‘ওপেনিং স্টেটমেন্ট’ বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপরই শুরু হবে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। এর মাধ্যমে মামলাটি পূর্ণাঙ্গ বিচারিক ধাপে প্রবেশ করবে।
আসামিদের বর্তমান অবস্থা: এই মামলায় উজিরপুর থানার সাবেক দুই এএসআই মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। অন্যদিকে, বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ পলাতক রয়েছেন। এর আগে গত ২০ মে এই চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
অভিযোগের পটভূমি: হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং জাসাস-এর সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা করেন আবুল হাসানাত। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তারের পর পুলিশের সহযোগিতায় আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে কথিত ‘ক্রসফায়ারের নাটক’ সাজিয়ে তাদের হত্যা করা হয়।