ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. শাহজাহান এমপি’র সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং নূরুল ইসলাম অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৈঠকে কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করার পাশাপাশি বেসরকারি বিল এবং সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিল উত্থাপনে সকল সংসদ সদস্যকে সচেতন করার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া, বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রস্তুত করতে সংসদ সদস্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও সচেষ্ট হওয়ার জোরালো সুপারিশ করেছে কমিটি। বৈঠকে আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।