ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম এবং বিএসটিআই সনদে গরমিল থাকায় দুটি ফিলিং স্টেশনকে সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্র জানায়, তদারকিকালে ভূঁইয়া ফিলিং স্টেশনে পরিমাপে তেল কম দেওয়ার প্রমাণ মেলে এবং বিএসটিআই অনুমোদিত পরিমাপ সনদের মেয়াদ উত্তীর্ণ থাকায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রির ক্ষেত্রে বিএসটিআইয়ের বৈধ পরিমাপ সনদ না থাকায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে অনাদায়ে নগদ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বিএসটিআই ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক মেহের আফফান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ভোক্তাদের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষায় এমন তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি সব জ্বালানি ব্যবসায়ীদের আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার কঠোর আহ্বান জানান।