রাজশাহী কারাবন্দি বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়েছিল তাঁর দুই কন্যা। ঘটনাটি জানার পর নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
গত ২০ অক্টোবর রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়ে বাবার মুক্তির আকুতি জানায় রেন্টুর দুই কন্যা। এ ঘটনার পর প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়াতে রাসিক প্রশাসককে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁদের দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি।
এ সময় রাসিক প্রশাসক পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি কারাবন্দি নেতার আইনি বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে আমি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি।
পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেব। কারাবন্দি নেতার কারাগারে আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।”
বিএনপি নেতার কন্যা জারিন তাসনিম রাহি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং তাঁকে দায়িত্ব দিয়েছেন।
প্রশাসক মহোদয় বাবার মুক্তি পাওয়া পর্যন্ত তাঁকে যতটা সম্ভব ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ইতোমধ্যে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও কথা দিয়েছেন।”
কারাবন্দি নেতার পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে কেন্দ্র করে পরিবারটির আর্থিক সহায়তা, কর্মসংস্থান এবং আইনি সহযোগিতার বিষয়গুলো আলোচনায় এসেছে।