ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করার দায়ে প্রযুক্তি জায়ান্ট মেটাকে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক। প্রযুক্তিপ্রতিষ্ঠানের ইতিহাসে এটি অন্যতম বড় অঙ্কের জরিমানার ঘটনা।
২০২১ সালে কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে মেটার বিরুদ্ধে মামলা করেছিল নিউ মেক্সিকো কর্তৃপক্ষ। মামলার অভিযোগে বলা হয়েছিল, ব্যবহারকারীদের তথ্যের ব্যবহার, গোপনীয়তা এবং ফেসবুকের বিভিন্ন নীতি নিয়ে মেটা দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে। দুই সপ্তাহের শুনানি শেষে সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ এই ঐতিহাসিক রায় দেন। আদালত জানান, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী প্রতিটি লঙ্ঘনের জন্য ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
এই রায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করা, আসক্তি তৈরি এবং বিনা অনুমতিতে তথ্য ব্যবহারের অভিযোগে বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ ও ব্যবহারকারীদের করা হাজার হাজার মামলার মুখে বড় চাপে রয়েছে প্রতিষ্ঠানটি। ইতিপূর্বে শিশু সুরক্ষাবিষয়ক অন্যান্য মামলায় মেটাকে আরও শত শত কোটি ডলার জরিমানা করা হয়েছে।