গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ার ঘটনাকে ‘খুশির উপলক্ষ’ হিসেবে দেখিয়ে পাঞ্জাবির দামে ছাড়ের চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দেওয়ায় বিপাকে পড়েছে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘নবীন ফ্যাশন’। বিজ্ঞাপনে উল্লেখ করা দামে পাঞ্জাবি না পাওয়া এবং প্রতারণামূলক প্রচারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ায় সাধারণ মানুষের মাঝে যখন তীব্র অসন্তোষ, ঠিক তখন নবীন ফ্যাশন বিষয়টিকে ‘খুশির উপলক্ষ’ বানিয়ে ২৫২ টাকা বা তার কম দামে পাঞ্জাবি বিক্রির বিজ্ঞাপন দেয়। তবে এই বিজ্ঞাপনের সূত্র ধরে ক্রেতারা অনলাইনে কিংবা ফার্মগেটের আউটলেটে গিয়ে উল্লিখিত দামে কোনো পাঞ্জাবি খুঁজে পাননি।
অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, “গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষ যখন ক্ষুব্ধ, তখন এটিকে খুশির বিষয় বানিয়ে চাতুর্যপূর্ণ ও প্রতারণামূলক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের আপত্তি নেই, কিন্তু বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার কোনো সুযোগ নেই।”
বিষয়টি নজরে আসার পর ভোক্তা অধিকারের হস্তক্ষেপে নবীন ফ্যাশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট থেকে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নেয় এবং ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। প্রতিষ্ঠানের ফার্মগেট আউটলেটের এক কর্মচারী জানান, তারা বিষয়টি না বুঝে ভুল করেছিলেন এবং ভবিষ্যতে আর এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।