সুন্দরবননির্ভর বনজীবীদের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীর কাটমারচর খেয়াঘাটে অসহায় ৪০ বনজীবীর মাঝে জীবিকা নির্বাহের উপকরণ ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দুস্থ বনজীবীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
সহায়তা পাওয়া বনজীবী আরিফুল ইসলাম (৫৯) নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ও কাঁকড়া ধরে তাদের সংসার চলে। এতদিন নিজের নৌকা ও জাল না থাকায় অন্যের নৌকায় কাজ করে কষ্টে দিন কাটাতে হতো।
নতুন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট পেয়ে তারা উপকৃত হয়েছেন। এসব উপকরণ ব্যবহার করে নিরাপদে উপার্জনের মাধ্যমে পরিবার চালাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ও ইউপি সদস্য আবু হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বেঁচে থাকা কয়রার উপকূলীয় বনজীবীদের স্বাবলম্বী করাই তাদের মূল লক্ষ্য। নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতেই এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ও কয়রা ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নূর কামাল হোসেন এবং শাহাবুদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী।