রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০(এ) নম্বর রোডে মনসুর আলী মেডিকেল সংলগ্ন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আলিফ নামের এক কিশোর গ্যাং নিয়ন্ত্রকের বিরুদ্ধে। অভিযুক্ত আলিফ উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হাসান শিশিরের ছেলে বলে জানা গেছে।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং বেশ কিছু জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার পরিবারের সদস্যের কাছ থেকে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উত্তরা পশ্চিম থানা ছাত্রদল এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির সঠিক নিরূপণ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সাথে ঘটনাটির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চেয়েছে দলটি। তবে এ বিষয়ে অভিযুক্ত আলিফ বা তাঁর বাবা আলমগীর হাসান শিশিরের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য বা ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হয়নি।