জুলাই গণঅভ্যুত্থান কোনো ১৫ দিনের আকস্মিক আন্দোলন নয়, বরং এটি স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক সংগ্রাম ও আন্দোলনের চূড়ান্ত পরিণতি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, “স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ১৭ বছর ধরে এ দেশের মানুষ লড়াই করেছে। সেই দীর্ঘ আন্দোলনের দূরদর্শী নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। নারায়ণগঞ্জের শাওন, আড়াইহাজারের সিদ্দিকসহ আমাদের অসংখ্য নেতাকর্মী রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছেন। জুলাই ছিল সেই দীর্ঘ রক্তের বিনিময়ে গড়ে ওঠা আন্দোলনের শেষ অধ্যায়।”
দীর্ঘ রাজনৈতিক নির্যাতনের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের সংগ্রামে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাবরণ করেছেন, অনেকে ব্যবসা-বাণিজ্য হারিয়ে নিঃস্ব হয়েছেন এবং অসংখ্য পরিবার নির্মম নিপীড়নের শিকার হয়েছেন। এসব অভূতপূর্ব ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়েই আজকের এই ঐতিহাসিক সফলতা এসেছে।
তিনি আরও যোগ করেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দীর্ঘ পথচলায় এ দলকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলেছেন। বিএনপি ক্ষমতার রাজনীতি বা মিথ্যা প্রচারণায় বিশ্বাস করে না; আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের দেওয়া দিকনির্দেশনা বাস্তবায়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির হাতকে শক্তিশালী করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার শপথ ব্যক্ত করেন।