যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ত্রুটির আগে কেন্দ্রটি থেকে এক হাজার একশ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন ছয়শ মেগাওয়াটের নিচে নেমে আসে।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিটটি কেন বন্ধ হয়েছে তা জানতে প্রকৌশলী ও টেকনিশিয়ানরা কাজ করছেন। ত্রুটি শনাক্ত করে দ্রুত ইউনিটটি চালুর চেষ্টা চলছে।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি পুনরায় চালু করে স্বাভাবিক উৎপাদনে ফিরতে অন্তত চার দিন সময় লাগতে পারে।
কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্ল্যান্টে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। কয়লার সংকটের কারণে ইউনিটটি বন্ধ হয়নি।
একটি ইউনিট বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে কিছুটা চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় দ্রুত ইউনিটটি সচল করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। ত্রুটির কারণ শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।