খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতলুবুর রহমান মিতুল। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মজীবনের অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন মিতুল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের কর্মপরিকল্পনার কথাও জানাচ্ছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আড়ংঘাটা ইউনিয়নের মোড়লপাড়া নূরানী জামে মসজিদের শতাধিক মুসল্লিকে সঙ্গে নিয়ে সর্দারডাঙ্গা আসাদের মোড় এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি চায়ের দোকানি, সবজি বিক্রেতাসহ স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের জন্য সমর্থন ও ভোট কামনা করেন।
গণসংযোগকালে মো. মতলুবুর রহমান মিতুল বলেন, ‘আপনাদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়েই মাঠে নেমেছি। নির্বাচিত হলে আড়ংঘাটা ইউনিয়নকে একটি আদর্শ, ন্যায়বিচারভিত্তিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।’
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় মিতুলের গণসংযোগের মধ্য দিয়ে আড়ংঘাটা ইউনিয়নের নির্বাচনী আলোচনাও নতুন মাত্রা পেয়েছে