মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৮ কেজি ৩০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়।
পরে জব্দ করা ইলিশ মাছ উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের উপস্থিতিতে জব্দ করা মাছ চারটি এতিমখানা ও উপস্থিত ছয়জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।